চাঁদপুর: চাঁদপুর শহরের পুরান বাজার ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুরের পুরাণ বাজার এলাকায় বিভিন্ন মসলার বাজার ও মিলে অভিযান পরিচালিত হয়। এর পাশাপাশি ফলের আড়ত ও অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করে কলা পাকানোর অপরাধে রফিক বেপারির কলার আড়ত কে ৩০ হাজার টাকা, সরকারি ইনজেকশনের সিরিঞ্জ বিক্রয় ও অনুমোদন ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ পেসক্রাইভ করা ও রোগী দেখায় আনোয়ার মেডিকেল হল কে ২০ হাজার টাকা এবং অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির অপরাধে পাঁচ তারা ফুড প্রডাক্ট কে ৫ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এসময় কলা পাকানোর জন্য ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক ধ্বংস করা হয়। এছাড়া নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এবং পুরাণ বাজার পুলিশ ফাড়ির একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/



