চাঁদপুর: মানবিক ও সংশোধনমূলক উদ্যোগের অংশ হিসেবে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সৌজন্যে জেলা জজ আদালতের কোর্ট হাজতখানায় লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে হাজতখানায় থাকা কয়েদিদের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে পানির ফিল্টারও স্থাপন করা হয়।
বুধবার (২০ মে) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাইব্রেরির উদ্বোধন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান।
এ সময় চাঁদপুর জেলায় কর্মরত বিচারকবৃন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, পাবলিক প্রসিকিউটরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, হাজতখানায় থাকা কয়েদিদের আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসিক উন্নয়ন এবং সংশোধনমূলক কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে লাইব্রেরিতে জেল কোডসহ বিভিন্ন আইনবিষয়ক বই, সাধারণ জ্ঞান ও সাহিত্যধর্মী বই এবং পত্রিকা রাখা হয়েছে।
কারাবন্দিদের শুধুমাত্র শাস্তি নয়, তাদের মানসিক ও নৈতিক উন্নয়নও গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ বন্দিদের ইতিবাচক পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
ফম/এমএমএ/



