চাঁদপুর : ঐতিহ্যবাহী, প্রগতিশীল ও গণমানুষের কণ্ঠস্বর দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে ব্যতিক্রমী ও মানবিক আয়োজন করা হয়েছে।
সংবাদপত্রের জন্মদিনকে শুধুমাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে সমাজের অবহেলিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে দিনটি স্মরণীয় করে তুলেছে ইত্তেফাক পরিবার।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের গুনরাজদী এলাকার আল-আমিন এতিমখানায় স্বর্ণ শিশুদের (এতিম) নিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা এবং এতিমখানার ২৫ জন শিশুর জন্য একবেলা খাবারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলানিউজটোয়েন্টিফোর.কম ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মো. মাসুদ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি শাহরিয়া বিন ইয়াহিয়া (পলাশ)।
তিনি বলেন, ইত্তেফাক কেবল একটি সংবাদপত্র নয়, এটি মানুষের কথা বলে, মানুষের পাশে থাকে। সেই ভাবনা থেকেই আজকের এই আয়োজন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, প্রেসক্লাবের ২০২৬ সালের নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি চৌধুরী ইয়াসিন আরাফাত, সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি এস এম সোহেল, বাংলা টিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান রুবেল, দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধি মো. মহিউদ্দিন, বাণিজ্য প্রতিদিনের জেলা প্রতিনিধি শেখ আল মামুন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মাইনুল ইসলাম, আল-আমিন এতিমখানার ইনচার্জ আব্দুর রহমান, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের স্টাফ রিপোর্টার মো. সবুজসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
ব্যতিক্রমী এ আয়োজনকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, এতিম ও অসহায় শিশুদের নিয়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজের প্রতিটি প্রতিষ্ঠানের উচিত মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করা।
অনুষ্ঠান শেষে শিশুদের সঙ্গে সময় কাটান অতিথিরা। স্বর্ণ শিশুদের মুখের হাসিতে প্রাণবন্ত হয়ে ওঠে ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন।
ফম/এমএমএ/


