চাঁদপুর: চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ডাকাতিয়া নদী-সংলগ্ন ট্রলার ঘাটের পাকা সিঁড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার হাকড় (খানবাড়ী) এলাকার সেকেন্দার মিয়ার মেয়ে ও মো. মনির হোসেনের স্ত্রী রানু বেগম (৩৫) এবং একই উপজেলার দক্ষিণ লত্তামুড়া এলাকার আমিন ভূঁইয়ার মেয়ে ও জাকির হোসেনের স্ত্রী জান্নাতুল ইভা (২২)।
পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদের তত্ত্বাবধানে এসআই মো. নাজমুল হক ও এএসআই সুমন কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় শহরের ৭ নম্বর পৌর ওয়ার্ডের বড় স্টেশন মোলহেড এলাকায় ডাকাতিয়া নদী-সংলগ্ন ট্রলার ঘাটের পাকা সিঁড়িতে অভিযান চালিয়ে রানু বেগমকে ৬ কেজি এবং জান্নাতুল ইভাকে ৪ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সর্বমোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতার দুই নারীর বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
ফম/এমএমএ/


