সুপেয় পানি সকলের অধিকার, তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব

চাঁদপুরে সুপেয় পানি শোধনাগার প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভায় অতি: সচিব এ.কে.এম. তারিকুল আলম

চাঁদপুর: চাঁদপুরে সুপেয় পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও নতুন পানি শোধনাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাই বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে ) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হ।

এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ.কে.এম. তারিকুল আলম।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, চাঁদপুরে সুপেয় পানির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সরবরাহ সেই তুলনায় কম। আগামী ৫০ বছর সামনে রেখে একটি টেকসই ও আধুনিক পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে হলে এখন থেকেই কার্যকর উদ্যোগ নিতে হবে। সুপেয় পানি সকলের অধিকার, তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, নদী থেকে পানি সংগ্রহ করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিশোধন করে সরবরাহ করাটা পরিবেশবান্ধব এবং দীর্ঘস্থায়ী সমাধান হবে। আমরা জনগণের জন্য নিরাপদ, মানসম্মত ও স্বাস্থ্যসম্মত পানি নিশ্চিত করতে বদ্ধপরিকর।

এ.কে.এম. তারিকুল আলম আরও বলেন,,  সুপেয় পানি ব্যবহারের জন্য মিটার স্থাপন করা বাধ্যতামূলক করা হবে। এতে পানির অপচয় রোধ হবে এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাবে। নতুন পানি শোধনাগার স্থাপনের জন্য একটি উপযুক্ত স্থান নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা চলছে। স্থাপনার পূর্বে নদীতীরে একটি বাঁধ নির্মাণের পরিকল্পনাও রয়েছে যাতে শোধনাগার স্থাপনের পর কোনও প্রকার ঝুঁকি না থাকে।

তিনি আশ্বাস দেন, এই প্রকল্প শুধু সুপেয় পানি সরবরাহেই সীমাবদ্ধ থাকবে না, ব্যবহৃত পানি পুনঃপ্রক্রিয়াজাত করে কৃষিখাতে ব্যবহারের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এটি চাঁদপুরের কৃষি উন্নয়নের দিকেও অবদান রাখবে।

চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম জাকারিয়া এর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সালসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম