শাহরাস্তিতে রাস্তার গাছ কাটার ঘটনায় বিএনপি নেতা শেখ সেলিমের সাফাই

সাংবাদিকদের নিয়ে ক্ষোভ

চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে সরকারি সড়কের পাশের গাছ কাটার অভিযোগে আলোচিত শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম সাংবাদিকদের ষড়যন্ত্রকারী ও কুচক্রী মহল আখ্যা দিয়ে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি দাবি করেছেন, দীর্ঘ বছর আগে নিজ উদ্যোগে রোপণ করা গাছগুলো তিনি একটি মসজিদে দান করেছেন এবং এ বিষয়ে প্রকাশিত সংবাদে তার সম্মানহানির চেষ্টা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় সংবাদ প্রকাশ করা পত্রিকার সাংবাদিকদের আড়াল করে তড়িঘড়ি করে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শেখ বেলায়েত হোসেন সেলিম জানান, ২০০২ সালের ২৩ জুন তিনি তৎকালীন পৌর চেয়ারম্যানের অনুমতিক্রমে সংশ্লিষ্ট সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেন। সে সময় নিজ খরচে গাছগুলো রোপণ করা হয়। তার দাবি, বিভিন্ন কারণে অধিকাংশ গাছ নষ্ট হয়ে গেলেও প্রায় ১০টি গাছ টিকে ছিল। পরে তিনি ওই গাছগুলো স্থানীয় একটি মসজিদে দান করেন।
তিনি আরও অভিযোগ করেন, তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কিছু মিডিয়ায় সংবাদ প্রকাশ করা হয়েছে।

সেলিমের বক্তব্যের সমর্থনে শ্রীপুর উত্তর-পূর্বপাড়া মসজিদ কমিটির সভাপতি মো. ইমাম হোসেন বলেন, গাছগুলো মসজিদের কাজে ব্যবহারের জন্য দান করা হয়েছে। একই বক্তব্য দেন মসজিদ কমিটির সদস্য ইমাম হোসেন মাস্টার।

তবে ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ বেলায়েত হোসেন সেলিম স্বীকার করেন যে, ঈদুল আজহার পূর্ববর্তী ব্যস্ততার কারণে গাছ কাটার বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও বন বিভাগকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার সুযোগ পাননি।

এর আগে গাছ কাটার বিষয়ে তথ্য সংগ্রহের সময় তিনি সহকারী কমিশনার (ভূমি)-কে বিষয়টি অবহিত করার কথা বললেও বন বিভাগ বা পৌর প্রশাসনের অনুমোদনের কোনো তথ্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া তার বক্তব্য নেয়ার সময় গাছগুলো মসজিদে দান করার বিষয়টিও সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের জানানো হয়নি বলে কয়েকজন কর্মরত সাংবাদিক দাবি করেছেন।

এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, কিছু পোস্ট ও মন্তব্যে তাদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য এবং পরোক্ষ হুমকির ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে তারা পেশাগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ঈদুল আজহার ছুটির সময় শাহরাস্তি উপজেলার সাহাপুর এলাকায় সরকারি সড়কের পাশের কয়েকটি গাছ কাটার অভিযোগে শেখ বেলায়েত হোসেন সেলিমের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দেয়।

প্রসঙ্গত, পৌর প্রশাসক ও বনবিভাগ কর্মকর্তাদের অবহিত না করে এবং লিজের শর্ত না মেনে ঈদের ছুটিতে রাস্তার ১০ টি গাছ কেটে নেয়ার ঘটনায় ৯ জুন বিভিন্ন পত্রিকায় “শাহরাস্তিতে সরকারি গাছ কেটে নিলেন পৌর বিএনপির নেতা” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে।

পম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম