চাঁদপুর : বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলার উদ্যোগে শিক্ষক প্রতিনিধি সম্মেলন, এ এম আই ও আই ই এস মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন ) সকালে চাঁদপুর আল আমিন একাডেমীর মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের অঞ্চল পরিচালক মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সাত্তার।
তিনি বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত আদর্শ মানুষ গঠন। কেবল পাস-ফেল নির্ভর শিক্ষা নয়, বরং নৈতিকতা, মেধা ও মূল্যবোধের বিকাশ ঘটিয়ে জাতিকে এগিয়ে নিতে হবে। জাতীয় মেধাবৃত্তি একটি সময়োপযোগী পদক্ষেপ, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি করবে। তিনি শিক্ষক সমাজকে শিক্ষার্থীদের মানসম্মত ও নৈতিক ভিত্তির শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের চাঁদপুর জেলা সভাপতি অধ্যাপক রুহুল আমিন এর সভাপতিত্বে ও সেক্রেটারী মো: হারুন আর রশিদ এর পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলার প্রধান উপদেষ্টা মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। তিনি বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। শিক্ষা শুধু চাকরির উপায় নয়, বরং আদর্শ জীবনের ভিত্তি গঠনের মাধ্যম। মেধাবৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা ও আগ্রহ সঞ্চার করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লা। তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি মানসিক ও চারিত্রিক উন্নয়নেও শিক্ষকরা যেন ভূমিকা রাখেন, সেটিই সময়ের দাবি। জাতীয় মেধাবৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার আগ্রহ বৃদ্ধির পাশাপাশি নৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে।
এ এম আই চাঁদপুর এর সভাপতি অধ্যাপক মো: শাহ আলম, দারসুল কোরআন পেশ করেন অধ্যক্ষ মাওলানা আবু বকর। শিক্ষার গুণগত মানোন্নয়ন ও ছাত্র-ছাত্রীদের সম্ভাবনার দুয়ার খুলে দিতে এই ধরনের মতবিনিময় সভাকে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে মেধাবৃত্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রদান করা হয়। এবং প্রতিষ্ঠানে প্রচার ও রেজিস্ট্রেশনের আহ্বান জানানো হয়।
ফম/এমএমএ/



