চাঁদপুর : চাঁদপুর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাশিম খান (৩৫) নামে যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৮ লাখ টাকা।আটক হাশিম খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা খান বাড়ির বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি করা হয়। পরে তার সঙ্গে থাকা স্কুলব্যাগের ভেতর থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন যুবক। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


