চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী কামরুজ্জামান ইবনে আমিন।
প্রধান অতিথির বক্তব্য দেন-চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল হোসেন।
তিনি বক্তব্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। শিক্ষকদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেককেই আদর্শ ও সু-নাগরীক হিসেবে গড়ে তোলা। তাই আমি বিশ্বাস করি আগামীতে তোমরা সর্বোচ্চ সফলতা অর্জন করে এবং আলোকিত মানুষ হয়ে এই বিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য ধরে রাখবে। এই প্রতিষ্ঠানের সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভ কামনা করছি।
বিশেষ অতিথির বক্তব্য দেন-বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও ঢাকা টাইলস হাউজের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম খান, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য শামসুজ্জামান পাটওয়ারী, দাতা সদস্য সফিউল আলম সাইফুল পাটওয়ারী, শাহমাহমুদপুরের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য কবির হোসেন রনি।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লা।
শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য মোস্তফা হাজী, সোহেল বেপারী, শিক্ষার্থীদের অভিভাবক গিয়াস উদ্দিন স্বপন পাটওয়ারী, হারুন মিজি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আব্দুল কাদির। উল্লেখ্য, এবছর উক্ত বিদ্যালয় থেকে ৮২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।
ফম/এমএমএ/



