
মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এবি মইন উদ্দিন হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নারগিস হোসেন। সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান। আরো বক্তব্য রাখেন মুন্সি আজিম উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, প্রভাষক রসায়ন মোঃ আলআমিন, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমারত হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য হাসান সরকার।
বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন সিদরাতুল মুনতাহা ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন জান্নাতুল ফেরদৌস। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শিক্ষার্থী নুরুল ইসলাম। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আকমল হোসেন।
প্রধান অতিথি আলহাজ্ব এবি মইন উদ্দিন হোসেন বলেন, শিক্ষা আলোকিত দেশ ও সমাজ গঠনের হাতিয়ার। শিক্ষা ছাড়া সবকিছুই অন্ধকার। তাই সকলের প্রতি আমার আহ্বান থাকবে মনোযোগ সহকারে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে দেশের সেবা করতে হবে। তিনি পরীক্ষার্থীদের কাছ থেকে ভালো ফলাফলের আশা ব্যক্ত করেন।
ফম/এমএমএ/আরাফাত/



