চাঁদপুর : চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, স্বেচ্ছাসেবকদের শ্রদ্ধা না জানানোর আসলে কোন কারণ নেই।
স্বেচ্ছাসেবকদের ভূমিকা অস্বীকার করারও কোন সুযোগ নেই। স্বেচ্ছাসেবকরা তাদের কর্মকান্ডের জন্যে কোন পদ চায় না, তারা সামাজিক স্বীকৃতি চায়। মনের তৃপ্তির জন্যেই স্বেচ্ছাসেবকরা মানুষের জন্যে কাজ করে থাকে
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি বলেন, একসময় স্বেচ্ছাসেবকরা প্রচারের যেত না। তারা তাদের কাজটাকে প্রাধান্য দিতো। কেন জানি সেই লক্ষ্য থেকে আমরা দূরে যাচ্ছি। স্বেচ্ছাসেবীদের মূল লক্ষ্য এটা নয়। স্বেচ্ছাসেবীরা নিসন্দেহে ভালো কাজ করে থাকে। স্বেচ্ছাসেবীদের চিন্তাধারা অন্য সবার থেকে আলাদা থাকে। মনের তৃপ্তির জন্যেই স্বেচ্ছাসেবকরা মানুষের জন্যে কাজ করে থাকে।
জেলা প্রশাসক আরো বলেন, কিছুদিন আগে শহরের এসবি খাল খনন অভিযানে অনেকেই আমাকে কথা দিয়োছিলো কিন্তু দিনশেষে স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিনা পারিশ্রমিকে সুন্দরভাবে সেই কাজটা সস্পন্ন করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেন।
স্বাগত বক্তব্য দেন বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রহমান রিজভী ও প্রবন্ধ উপস্থাপন করেন বদলাও ইয়ুথ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ।
আলোচনা সভার পূর্বে দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এছাড়াও আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়।
ফম/এমএমএ/


