চাঁদপুরে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানববন্ধন ও স্মারকলিপি

মহানবী (সা.)কে নিয়ে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে

মতলব উত্তরের সাদুল্যাহপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মো. হাসেম নামের এক ব্যক্তি মহানবী হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জঘন্য ভাষায় কটূক্তি করে তার নিজস্ব ফেসবুক আইডি থেকে পোস্ট করে। এর প্রতিবাদে স্থানীয় মুসল্লিসহ মতলব উত্তরবাসী বিক্ষোভে ফেটে পড়ে। তার বিরুদ্ধে মামলা করা হয়। একপর্যায়ে পুলিশ তাকে আটক করে জেলহাজতে পাঠায়।

কিন্তু যেসব মুসল্লি এবং মসজিদের ইমাম অভিযুক্ত হাসেমের বিরুদ্ধে আন্দোলন করে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেছে, এখন উল্টো তাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানির অপচেষ্টা করছে অভিযুক্ত হাসেম গং। এসব ষড়যন্ত্রের প্রতিবাদে মতলব উত্তরে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় রোববার (১৮ অক্টোবর ২০২৬) চাঁদপুরে আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়। রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা সড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। স্মারকলিপিতে অভিযুক্ত হাসেমের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মুসলমানদের ঈমানের মূল হচ্ছেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁকে মুসলমানরা নিজের জীবনের চেয়েও ভালোবাসেন। সেই মহানবীর আকাশচুম্বী শান ও মানের উপর কেহ সামান্যতম আঘাত করলে মুসলিম উম্মাহ তা সহ্য করবে না। আল্লাহ নিজেই তাঁর হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পূতপবিত্র চরিত্রের মহানত্বকে স্বীকৃতি দিয়েছেন। তাই আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ থেকে অভিযুক্ত হাসেমের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরজাদা মাওলানা খাজা জোবায়ের, দক্ষিণ দাসদী গাউসিয়া বোরহানিয়া দরবার শরীফের প্রতিনিধি মাওলানা রবিউল হোসাইন, জমঈয়াতে হিযবুল্লাহ চাঁদপুর শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান গাজী, মাওলানা আমিনুল হক, হাফেজ মাওলানা শাহজাহান চাঁদপুরী,  মাওলানা মোতালেব নবাবপুরী, মাওলানা তাফসির হোসাইন, মাওলানা কাউসার হোসাইন, মাওলানা বায়েজিদ, মাওলানা আল-আমিন, মাওলানা মোশারফ হোসাইন প্রমুখ। বক্তব্য শেষে মুনাজাত পরিচালনা করেন পীরজাদা মাওলানা খাজা জোবায়ের। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য রাখছেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম