চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক

চাঁদপুর: শারদীয় দুর্গোৎসবের আনন্দ-উৎসবে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

রোববার (১৮ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে পূজারি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বিঘ্নে পূজা উদ্‌যাপনে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় সংসদ সদস্যের সহধর্মিণী মুনিরা আহমেদ ও একমাত্র কন্যা ফারিশা আহমেদ মানহা তাঁর সঙ্গে ছিলেন।

পরিদর্শনকালে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের রমেশ বাবুর বাড়ির পূজামণ্ডপ, ১২নং ওয়ার্ডের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, ৮নং ওয়ার্ডের গুয়াখোলা রোডের কুণ্ডুবাড়ি সার্বজনীন দুর্গামন্দির ও কালীবাড়ি মণ্ডপ এবং ৬নং ওয়ার্ডের মিনার্ভা দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় পূজামণ্ডপে উপস্থিত ভক্ত, পূজারি ও সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

বিভিন্ন পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময়কালে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আপনারা স্বাচ্ছন্দ্যে পূজা উদ্‌যাপন করবেন। আপনাদের পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরাসহ আমাদের নেতাকর্মীরা আপনাদের পাশে রয়েছি। আপনাদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার দায়িত্ব আমাদের। আমরা যেমন সুন্দরভাবে ঈদ উদ্‌যাপন করি, তেমনি আপনারাও সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা আনন্দ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে পালন করবেন।

তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যই আমাদের সমাজের শক্তি। সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্যসচিব জিয়াউর রহমান সোহাগসহ বিভিন্ন পূজামণ্ডপের কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এছাড়াও উপস্থিত ছিলেন ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম