চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে ১৯ জেলে গ্রেপ্তার, জাল-নৌকা জব্দ

চাঁদপুর : চাঁদপুর সদর নৌ থানা পুলিশের মা ইলিশ রক্ষা অভিযানে অভয়াশ্রম এলাকা থেকে ১৯ জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় এসব জেলেদের হেফাজতে থাকা ৪টি মাছ ধরার নৌকা, ৮ কেজি ইলিশ ও ১১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন।

পুলিশ জানায়, আজ সকাল থেকে বিকেল পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানে নৌ পুলিশের একটি বিশেষ দল চাঁদপুর সদর নৌ থানা এলাকার নদীপথে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারে জড়িত থাকার অভিযোগে ৪ টি ইঞ্জিনচালিত নৌকা, ১৯ জেলেকে গ্রেপ্তার করা হয়। একই সময় ৮ কেজি ইলিশ মাছ ও ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন পৃথক ৭টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এছাড়া জব্দ কারন্টেজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও ইলিশ মাছ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দ মাছ ধরার নৌকা থানা হেফাজতে রয়েছে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসেন বলেন, মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম