মা ইলিশ রক্ষায় এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের আকস্মিক অভিযান

চাঁদপুর: মা ইলিশ রক্ষায় এবার আর শুধু নির্দেশনা নয়, সরাসরি নদীতে নেমে অভিযান চালালেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। স্পিডবোট নিয়ে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় আকস্মিক টহল দিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, জালসহ নৌকা আটক এবং মা ইলিশ শিকারে প্রস্তুত জেলেদের নদীতে না নামার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। এ সময় বড়স্টেশনের ডাকাতিয়া নদীতে নিষিদ্ধ কারেন্ট জালসহ একটি নৌকা জব্দ করে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরে মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নদীতে পাতা অবস্থায় আরও বেশ কয়েকটি কারেন্ট জাল জব্দ করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে স্পিডবোট নিয়ে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এ আকস্মিক অভিযান পরিচালনা করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

অভিযানের শুরুতে বড়স্টেশনের ডাকাতিয়া নদীতে নিষিদ্ধ কারেন্ট জালসহ একটি নৌকা জব্দ করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। মা ইলিশের অবাধ প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং নদীতে অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এরপর সংসদ সদস্য লঞ্চঘাট সংলগ্ন টিলাবাড়ি এলাকায় যান। সেখানে প্রায় অর্ধশতাধিক জেলেকে জালসহ নদীতে মা ইলিশ শিকারে নামার প্রস্তুতি নিতে দেখা যায়। এ সময় তিনি জেলেদের সঙ্গে কথা বলেন এবং মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে জেলেদের নদীতে না নামার জন্য শেষবারের মতো নির্দেশ দেন। মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে নামলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়।

পরে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক স্পিডবোটে মেঘনা নদীর পুরাণবাজার পুরাণ ফায়ার সার্ভিস এলাকা, রওনাগোয়াল, দোকানঘর ও বহরিয়া পর্যন্ত টহল দেন। এ সময় নদীতে ফেলে রাখা অবস্থায় আরও বেশ কয়েকটি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মা ইলিশ রক্ষায় নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ, জেলেদের সচেতন করা এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্যে সংসদ সদস্যের এ আকস্মিক অভিযানকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। নদীতে শুধু লোকদেখানো টহল নয়, সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিষিদ্ধ জাল জব্দ এবং জেলেদের সরাসরি সতর্ক করার মধ্য দিয়ে মা ইলিশ সংরক্ষণে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম