মতলব উত্তরের তাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২২নং তাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জুন) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন।

সভায় সভাপতিত্ব করেন তাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান। প্রধান শিক্ষক রচনা রানীর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, দাতা সদস্য মোঃ সোহরাব হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সোলেমান, মহিলা বিদ্যোৎসাহী সেলিনা আক্তার, অভিভাবক সদস্য ববিতা রানী, শিক্ষক প্রতিনিধি মহিমা আক্তার। এছাড়াও কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতে অনেক উন্নয়ন করছেন। প্রাথমিকেও সরকারের ব্যাপক উন্নয়ন দৃশ্যমান। তাই এই উন্নয়নের ধারাবাহিকায় তাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এগিয়ে যাবে। শুধু তাই নয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা এই স্কুলের শিক্ষার মান আরো উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। তাই আগামী দিনে কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে মিজানুর রহমান বলেন, যারা আমাদের ডাকে মিটিংয়ে উপস্থিত হলেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিনে আমরা সকলের সমন্বয়ে অত্র স্কুলটিকে একটি মডেল স্কুল হিসেবে রুপান্তরিত করতে কাজ করে যাব ইনশাল্লাহ।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম