মডার্ন শিশু একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুর: আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই দেশের প্রকৃত সম্পদ। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করবে। সন্তানদের প্রতি ইতিবাচক মনোভাব ও সহমর্মিতা প্রদর্শন করলে তারা প্রতিকূলতার মাঝেও আত্মবিশ্বাস ধরে রাখতে সক্ষম হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর শহরের ব্যাংক কলোনীস্থ মডার্ন শিশু একাডেমির হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এমনই মন্তব্য করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক ওমর ফারুক।

তিনি আরও বলেন,চাঁদপুর মডার্ন শিশু একাডেমির উদ্যোগে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত ২০২৪ সালের ট্যালেন্ট ফুল বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতাকে বিকশিত করতে অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত জরুরি। শিক্ষা শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য নয়, বরং একজন সৎ, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার মূল ভিত্তি।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আনন্দ ভাগাভাগি করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটু, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যাপিকা মাহমুদা খানম, সুরঞ্জিত কর,মোঃ জাকির হোসেন।

শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মডার্ন শিশু একাডেমির উপাধ্যক্ষ মঞ্জুমা হক, সিনিয়র শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন, শাহানার আক্তার, ফাহিমা আক্তার, নাজমুল ইসলাম নোমান, তাহমিন আক্তার, শাহনাজ পারভীন, রোকসানা ইসলাম রাখি, তাসমিয়াহ জাহান জেরিন, মাদিনা আক্তার প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে এক প্রেরণামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম