বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে সবাই সতর্ক থাকবেন : ড. জালাল

মতলব উত্তর (চাঁদপুর): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলছে, সবাই সতর্ক হতে হবে। আগামী নির্বাচনে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে সেজন্য দেশি বিদেশী চক্রান্ত চলছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জালাল উদ্দিন আরো বলেন, আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসতে না পারে তাহলে দেশের ও দেশের মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে। গত ১৭ বছরে আর কি ক্ষতি হয়েছে তার চেয়েও বেশি ক্ষতি হবে। তিনি বলেন, চাঁদপুর-২ আসনটি বিএনপিকে উপহার দিতে চাই। দল যাকেই মনোনয়ন দিবেন তার পক্ষেই সকলে মিলে কাজ করে বিজয় নিশ্চিত করবো। আর যদি আমি যোগ্য হই তাহলে আমাকে মনোনয়ন দিবেন। তবে কোন ক্ষমতার লোভ আমার মধ্যে নেই। আমি শুধু একটি স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই এমপি হতে চাই। তবে বিএনপি ক্ষমতায় আসলেই সেই স্বপ্নটি পূরণ হবে। মতলব থেকে মাত্র ১ ঘন্টায় ঢাকা যাতায়াতের সেই স্বপ্নটি পূরণ করবো ইনশাল্লাহ।

৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজী, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি. ইসমাইল আকন্ড, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির লস্কর, উপজেলা ছাত্রদলের সদস্য নাহিদুল ইসলাম সিপ্ত প্রমুখ।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম