জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চাঁদপুর সদর 

চাঁদপুর : চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ‘২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ হয়েছে।
ফাইনালে ফরিদগঞ্জ উপজেলাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল তিনটায় খেলা শুরুর মাত্র ৭ মিনিটের মাথায় ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহেলের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় চাঁদপুর সদর উপজেলা। এরপর ২০ নম্বর জার্সিধারী শাওন আরও একটি গোল করলে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে সদর উপজেলা।
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে রক্ষণভাগের ৩ নম্বর জার্সি পরিহিত ডিফেন্ডার আশিকের দর্শনীয় গোলে ব্যবধান ৩-০ করে নেয় চাঁদপুর সদর।
টুর্নামেন্টের ফাইনাল উপভোগ করতে মাঠে হাজার হাজার দর্শক উপস্থিত হয়। দীর্ঘদিনের ফুটবল উন্মাদনা ও উৎসবমুখর পরিবেশে যেন জেলার ফুটবলের পুরনো ঐতিহ্য ফিরে আসে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফিসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং ইঞ্জি. মমিনুল হক।
এ সময় ফরিদগঞ্জের সংসদ সদস্য এম এ হান্নান মাঠে উপস্থিত ছিলেন ।  অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সেরা গোলরক্ষক: চাঁদপুর সদর উপজেলার মাহিব, সর্বোচ্চ গোলদাতা: ৪ গোল করে চাঁদপুর সদর উপজেলার ২০ নম্বর জার্সিধারী খেলোয়াড় শাওন। ম্যান অব দ্য ফাইনাল: চাঁদপুর সদর উপজেলার ৮ নম্বর জার্সিধারী তুহিন ও ম্যান অব দ্য টুর্নামেন্ট: ফরিদগঞ্জ উপজেলার ৬ নম্বর জার্সিধারী পুষ্প।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক।
চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং রাজনৈতিক দলের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম