শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল কিশোরের, সড়ক অবরোধ

চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে ফয়সাল (১৭) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের রাঢ়া কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

নিহত ফয়সাল শাহরাস্তি উপজেলার আজাগরা গ্রামের মোল্লা বাড়ির করিম মোল্লার ছেলে। সে ওয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কর্মরত ছিল।

স্থানীয়রা জানান, সকালে সাইকেল নিয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় ফয়সাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচলে ভোগান্তি দেখা দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে এবং প্রায় তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যায়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম