‘জনসচেতনতা বৃদ্ধি না হলে ভূমি খাতে অনিয়ম দূর করা সম্ভব নয়’

চাঁদপুরে ভূমি মেলায় সুধীজনদের নিয়ে সেমিনারে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুর :  চাঁদপুরে তিনদিন ব্যাপী ভূমি মেলার দ্বিতীয় দিনে সূধীজনদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে) বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে সেমিনারে বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

এতে জনবান্ধব ভূমি সেবা অটোমেশনের মাধ্যমে সকল নাগরিকদের জন্য ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সিস্টেম প্রদর্শন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসক বক্তব্যে বলেন, ভূমি অফিসে না গিয়ে এখন অনলাইনে সকল সেবা নেয়া যেতে পারে। জনসচেতনতা না হলে ভূমি খাতে অনিয়ম দূর করা সম্ভব নয়। অনলাইনে সেবা না নিলে হয়রানি বাড়বে। আমাদের ত্রুটি আছে, কিন্তু সফলতাও কম নয়। ১০ ভাগের জন্য বাকি ৯০ ভাগের সফলতা অস্বীকার করা যাবে না। মানুষের সাথে মানুষের সম্পর্ক থাকতে হবে। আমরা মনে করি যতটুকু সম্ভব অনলাইন সেবা নিশ্চিত করতে পারি, তাহলে দুর্নীতি কমবে। ২১ দিনের মধ্যে নামজারি ও ২৮ দিনের মধ্যে খারিজ খতিয়ান মিলবে।

তিনি বলেন, এই কাজের সফলতাটুকু প্রচার করতে হবে। ভূমিসেবা শতভাগ অনলাইনে চলে যাবে। এ নিয়ে আপনাদের ভয় পাওয়ার কারণ নেই। সবাইকে ডাকার উদ্দেশ্য হচ্ছে, আপনারা নিজে জেনে অন্যকে জানাবেন। বিশেষ করে কোন কর্মীর সেবার ঘাটতি পেলে জেলা প্রশাসককে জানাবেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মুকুর দে, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাখাওয়াত জামিল সৈকত।

এছাড়াও আমন্ত্রিত অতিথিরা সেমিনারে বক্তব্য দেন। নির্ধারিত বিষয়ে প্রামাণ্য চিত্র ও উপস্থাপনায় ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁন।

এছাড়া আরো বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি জহির উদ্দিন বাবর, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মেহেদী, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাড. মো. শাহাজাহান খান ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাদের পলাশ।

উপজেলা পরিষদ মিলনায়তনে মেলায় উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের তত্ত্বাবধানে ১০টি স্টল রয়েছে। স্টলগুলোতে ভূমি সংক্রান্ত কর প্রদান, নামজারী করণ, বিএস খতিয়ান ও নকল প্রদান, অর্পিত সম্পত্তির লীজ মানি প্রদান, ক্ষতিপূরণের আবেদন ও প্রদান করার ব্যবস্থা রাখা হয়েছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম