চাঁদপুর : চাঁদপুরে শাহরাস্তিতে ৩২টি দলের অংশগ্রহণে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেন মিয়াজি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
রোববার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা মডেল মসজিদ সংলগ্ন বালুর মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মো. মোস্তফা কামাল। আয়োজক কমিটির উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং গণমাধ্যম কর্মী ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সূচীপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী।
আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজি, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজী, পৌর যুবদলের সাবেক আহবায়ক মোঃ তাজুল ইসলাম সুমন, আয়োজক কমিটির উপদেষ্টা মোঃ সফিউল্লাহ মিয়াজী, প্রধান পৃষ্ঠপোষক আমীমুল এহসান মিয়াজী।
ফিতা কেটে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা শাহাদাত হোসেন রাজু। ট্রফি উন্মোচন করেন অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক জাহিদুল ইসলাম দীপু। উদ্বোধনী খেলায় পাথৈর ফাইভ স্টার ক্লাব ২-১ গোলে অস্টগ্রম স্পোর্টিং ক্লাবকে হারায়।
শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দু’বারের উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজির স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে ৩২ টি দল মুখোমুখি হবে।
ফম/এমএমএ/



