বিষ্ণুদী যুব সমাজের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চাঁদপুর:  যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে চাঁদপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট সিজন-১ এর  উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ও বিষ্ণুদী যুব সমাজের উদ্যোগে এই আয়োজন করা হয়। ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সফিউদ্দিন বাবলু।

ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা কাউসার হামিদের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ জাকির, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক শেখ মো. জিলানী, চাঁদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান এবং চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহমেদ কাউসার।

প্রধান অতিথির বক্তব্যে মো. সফিউদ্দিন বাবলু বলেন, মাদক যুবসমাজ ও পরিবারের জন্য একটি বড় অভিশাপ। এর থেকে মুক্ত হতে সামাজিক আন্দোলনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার উপর জোর দিয়েছেন। সেই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় আমাদের চাঁদপুরে এ আসনের মাননীয় সাংসদ এবং জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নেতৃত্বে বিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা বিশ্বাস করি তার বলিষ্ঠ নেতৃত্বে চাঁদপুরে শুধু উন্নয়নই হবে না, মাদকমুক্ত একটি জেলা হিসেবে গড়ে উঠে।

তিনি আরো বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সুস্থ বিনোদনের সবচেয়ে বেশি ভূমিকা রাখে। ফুটবল তরুণদের শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। এ ধরনের মাদকবিরোধী আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা চাই, তরুণেরা মাঠে ফিরে আসুক, মাদককে না বলুক এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসুক। তাই এমন একটি আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা বাশার ভুঁইয়া, মো. সোবাহান, মুন্না, মোঃ মেহেদী, মোঃ শুভ ও মোঃ রায়হান, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রিয়াদ, সদস্যসচিব আহমেদ রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় একতা স্পোর্টিং ক্লাব ও বিষ্ণুদী জুনিয়র এফসি। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে ১-০ গোলে জয় পায় একতা স্পোর্টিং ক্লাব। ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন মো. ফারুক।

ফম/এমএমএ/

আশিক বিন রহিম | ফোকাস মোহনা.কম