চাঁদপুরে ওএমএস’র সব ডিলারশীপ বাতিল

চাঁদপুর: চাঁদপুরসহ সারা দেশে ওএমএসের (খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি) সকল ডিলারশিপ বাতিল করে নতুন নীতিমালায় শিগগিরই ডিলার (পরিবেশক) নিয়োগ দিতে যাচ্ছে সরকার।

চাঁদপুরে ওএমএসের নতুন ডিলার নিয়োগের ব্যাপারে সভায় সিদ্ধান্তের মোতাবেক জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। ১০ নভেম্বর ছিল জমা দেওয়ার শেষ দিন। ২০টি কেন্দ্রের জন্য মোট ৯৭ টির ফরম বিক্রি করা হয়েছে। নতুন পুরাতন মিলে শেষ দিনে মোট ৮৫ টি ফরম জমা পড়ে।

রোববার (১১ নভেম্বর) বিকেলে এসব তথ্য জনান চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যাম চাকমা।

তিনি বলেন, আজ সকাল ১০টা  থেকে দুপুর ২ টা পর্যন্ত ছিল ফরম জমা নেওয়ার শেষ সময়। বিকাল ৪ টায় কমিটির সকলের উপস্থিতিতে বাক্স খোলা হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানাগেছে, চাঁদপুর পৌরসভায় বর্তমানে ২০ জন ওএমএসের ডিলার কেন্দ্র রয়েছে। এ সকল ডিলারদের প্রতিদিন ৮৩৪ কেজি চাল ও ৮৩৪ কেজি আটা দেয়া হয়। ডিলারদের কাছে থেকে একজন ক্রেতা প্রতি কেজি ২৪ টাকা দরে ৫ কেজি আটা এবং ৩০ টাকা দরে সবোর্চ্চ ৫ কেজি চাল কিনতে পারেন।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তারা জানান, খাদ্যশস্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে গরিব ও অসচ্ছল মানুষের কাছে কম দামে ওএমএসের চাল ও আটা বিক্রি করে সরকার। কিন্তু ১৫ থেকে ২০ বছর ধরে ডিলার হিসেবে রয়েছেন একই ব্যক্তি। এছাড়া ওএমএস কেন্দ্রের চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি ডিলারশিপ পেয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার আগের সব ওএমএস ডিলারের কার্যক্রম বাতিল করে নতুন করে দেয়া হচ্ছে।

চাঁদপুর জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার, চাঁদপুর পৌরসভার সচিব মো. আবুল কালাম ভূইয়া, খাদ্য অফিসের প্রশাসনিক কর্মকর্তা হাফিজ আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যাম চাকমা জানান, সকল ফরমগুলি যাচাই-বাছাই শেষে কমিটির সভাপতি জেলা প্রশাসকসহ কমিটির সকলের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে কারা এই ২০ কেন্দ্রের অনুকূলে নতুন নিয়োগ পাবে তা জানিয়ে দেয়া হবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম