নজরুলকে নিবেদিত চাঁদপুর সাহিত্য একাডেমির ১৬তম মাসিক সাহিত্য সভা

চাঁদপুর: জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত করে চাঁদপুর সাহিত্য একাডেমির ১৬তম মাসিক সাহিত্য সভা উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসির উদ্দিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কবি, লেখক, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সাহিত্যকর্ম পাঠ, আলোচনা ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হয়।
সাহিত্য একাডেমির পরিচালক, কবি, লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের সভাপতিত্বে এবং একাডেমির সদস্য মোহাম্মদ হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (গ্রন্থাগার, সেমিনার ও শিশুসাহিত্য) আশিক বিন রহীম।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমির সাবেক মহাপরিচালক রোটারিয়ান কাজী শাহাদাত। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সপ্তসুর সংগীত একাডেমির অধ্যক্ষ রূপালী চম্পক, চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান শরীফ মাহমুদ চিশতী, সাহিত্য একাডেমির পরিচালক মাইনুল ইসলাম মানিক।
উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য কবির হোসেন মিজি, মনিরুজ্জামান বাবলু, উজ্জ্বল হোসাইন ও শেখ মহিউদ্দিন রাসেল প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের মানবতাবাদী চেতনা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সৃজনশীল সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি। সুস্থ সাংস্কৃতিক চর্চা ও মননশীল সমাজ গঠনে নিয়মিত সাহিত্যসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে সাহিত্য পাঠ ও আলোচনায় অংশ নেন সহযোগী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী, পরিচালক মাইনুল ইসলাম মানিক, কবি ও গল্পকার নুরুন্নাহার মুন্নি, লেখক ও সংগঠক ম. নূরে আলম পাটওয়ারী, লেখক ও সাংবাদিক আব্দুল গনি এবং লেখক মাহমুদ হাসান খানসহ অন্যরা।
নজরুলসংগীত পরিবেশন করেন রূপালী চম্পক ও ঐশী। কবিকে নিয়ে স্মৃতিচারণ করেন রূপালী চম্পক। ফরহাদ আলম গজল পরিবেশন করেন এবং খান মোহাম্মদ নিয়াজ মোর্শেদ ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করেন।
এ ছাড়া লেখক মাহমুদ হাসান খানের রচিত ‘জীবনের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের অতিথি ও লেখকরা। বইটি নিয়ে আলোচনা করেন কবি ও লেখক নুরুন্নাহার মুন্নি।
সাহিত্য একাডেমির বিশেষ আয়োজনের অংশ হিসেবে স্কুল ও কলেজ পর্যায়ে স্বরচিত কবিতা ও গল্প প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি গত এক বছরের নিয়মিত মাসিক সাহিত্যসভায় সেরা উপস্থিতির পুরস্কার পান মুহাম্মদ হানিফ, আরিফুল ইসলাম শান্ত ও ইয়াছিন দেওয়ান।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফরিদ হাসান বলেন, সাহিত্য মানুষের মনন, মানবিকতা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে। নিয়মিত সাহিত্যচর্চা এবং সাহিত্যিকদের পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে একটি সুস্থ সাংস্কৃতিক সমাজ গড়ে তুলতে চাঁদপুর সাহিত্য একাডেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোচকরা সাহিত্যচর্চার পাশাপাশি নতুন লেখকদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে অংশগ্রহণকারীরা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে একাডেমির ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ফম/এমএমএ/

প্রেস বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম