শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে খেলবে ফকিরাপুল ইয়ং মেন্স বনাম রহমতগঞ্জ ক্লাব

চাঁদপুর: বাংলাদেশ ফুটবল লীগের ফিরতি ম্যাচে শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় চাঁদপুর স্টেডিয়ামে খেলবে স্বাগতিক ফকিরাপুল ইয়ং মেন্স বনাম রহমতগঞ্জ ক্লাব।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে সারা বাংলাদেশের পাঁচটি ভেনুতে এই খেলাগুলো হচ্ছে। ২০২৬-২০২৭ মৌসুমের এই লীগটি গত ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডানসহ ১৩টি দল অংশগ্রহণ করেছে।

চাঁদপুর স্টেডিয়ামে মোহামেডান স্পোটিং ক্লাব, আবাহনি লিমিটেড, ফকিরাপুল, ঢাকা ওয়ান্ডার্স সহ বেশ কয়েকটি দল ইতোমধ্যে খেলেছে।

এই আয়োজন সম্পর্কে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনুর সাথে আলাপকালে তিনি বলেন, বাফুফের মাধ্যমে খেলাগুলো পরিচালিত হচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মাঠ খেলার উপযোগী করা হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের উৎসাহ দিতে দর্শকদের জন্য ২০টাকা করে টিকিট বিক্রির ব্যবস্থা রয়েছে। বিগত মোহামেডান ও আবাহনির খেলাগুলোতে দর্শকদের ছিলো উপচে পড়া ভীড়।
ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম