চাঁদপুর : চাঁদপুর-রায়পুর সড়কে ট্রাক ও মটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছে। এতে শিহাবুল হাসান করিম (১৮) নামের আরেক যুবক গুরুতর আহত হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় চাঁদপুর-রায়পুর সড়কের দক্ষিণ তারপুরচন্ডী পার্সপোট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন চাঁদপুর শহরের খলিশাডুলী এলাকার বিল্লাল মিজির ছেলে এবং আহত শিহাব বাবুরহাট দাসদী গ্রামের লিপন মিজির ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় নিহত মনির ও তার বন্ধু শিহাব একটি বাইকে করে ঘুরতে বের হন। তারা ঘুরা ফেরা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ান দেন। তাদের মটর বাইকটি চাঁদপুর-রায়পুর সড়কে পার্সপোট অফিসের সামনে গেলে হঠাৎ ফরিদগঞ্জ থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী যশোর-ট ১১-৩১০৯ নম্বরের মালবাহী একটি ট্রাক মটর বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দু’জন রাস্তায় ছিটকে পড়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয় এবং গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষনিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বেলাল হোসাইন বাইকার মনির হোসেনকে মৃত ঘোষণা করেন।
মেডিকেল অফিসার ডা. বেলাল হোসাইন বলেন, আহত শিহাবকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আর বাইকার মনির হোসাইনকে হাসপাতালে আনার পূর্বে তার মৃত্যু হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, দুর্ঘটনার পর ট্রাক চালক পলাতক রয়েছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে নিহত বাইকার মনির হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/



