চাঁদপুর : সারাদেশের ন্যয় চাঁদপুর জেলাও ‘জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠ’ অনুষ্ঠানে যুক্ত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে লাখো কন্ঠের এই শপথ পাঠ করান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। এর আগে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
এর আগে সকাল ১০টায় ভার্চ্যুয়ালি যুক্ত হয় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে। জেলা প্রশাসক কার্যালয়ে সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দীন।
তিনি বক্তব্যে বলেন, আজকে যে শপথ পাঠ করানো হলো, তা শুধুমাত্র পাঠে সীমাবদ্ধ নয়, এটি আমাদেরকে ধারণ ও অনুধাবন করতে হবে। এটি ধারণ করে যেন আমাদের সকল ক্ষেত্রে ন্যয় বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্য সৃষ্টি না করি। এই শপথের যে মর্ম তা যেন সর্বক্ষেত্রে প্রতিপালন করি।
ডিসি বলেন, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, অনেকেই বিদ্যালয়ে পড়েছি। ওই সময় আমরা প্রতিদিনই জাতীয় সংগীত গেয়েছি। কিন্তু আমরা তখন জাতীয় সংগীতকে ধারণ করে গাইনি। এটি ধারণ করলে আমরা কখনোই অন্যায় কাজে জড়িত হতে পারি না।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. নজরুল ইসলাম।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান, সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।
চাঁদপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে শপথ অনুষ্ঠানের সহযোগিতায় ছিলো মহিলা বিষয়ক অধিদপ্তর।
ফম/এমএমএ/


