
চাঁদপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সাবিকুন্নাহার ইনকা এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। কৃতিত্বপূর্ণ এই ফলাফলে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।
ইনকা চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকার ইব্রাহীম মঞ্জিলে বাবা-মায়ের সঙ্গে বসবাস করে। তার বাবা মো. মোস্তফা কামাল একজন ব্যবসায়ী এবং মা মারজাহান বেগম গৃহিণী। বাবা-মায়ের অনুপ্রেরণা ও শিক্ষকদের নিবিড় সহযোগিতায় পড়াশোনায় মনোযোগী হয়ে সে এই সাফল্য অর্জন করেছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাবিকুন্নাহার ইনকা জানায়, সে ইংরেজি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়। পড়াশোনা শেষ করে নিজেকে শিক্ষা সেবায় নিয়োজিত করার স্বপ্ন রয়েছে তার। জ্ঞান ও শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখাই তার ভবিষ্যৎ লক্ষ্য।
নিজের ফলাফলে সন্তোষ প্রকাশ করে ইনকা তার এই সাফল্যের জন্য শিক্ষক, বাবা-মা ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। তার বিশ্বাস, পরিবারের সহযোগিতা ও শিক্ষকদের দিকনির্দেশনা ভবিষ্যতের পথচলায়ও তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।
ইনকার পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল। নিয়মিত অধ্যয়ন ও পরিশ্রমের মাধ্যমে সে কাঙ্খিত ফল অর্জন করেছে। ভবিষ্যতে সে উচ্চশিক্ষা গ্রহণ করে একজন আদর্শ শিক্ষক হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবে-এটাই পরিবারের প্রত্যাশা।
ফম/এমএমএ/



