চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর ব্যাপারী বাজার এলাকায় আলহেরা পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) সকালে স্কুলের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
স্কুলের অধ্যক্ষ নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আলহেরা পাবলিক স্কুলের চেয়ারম্যান শফিউদ্দিন বাবলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি লোকমান খান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কবির হোসেন খান, মোঃ মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম এবং মোঃ নুরুল আযহারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্কুলের পরিচালক মোঃ আখতার হোসেন দেওয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী অভিভাবক ও আমন্ত্রিত অতিথি বৃন্দগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


