চাঁদপুরে ১৪ মাসের মধ্যেই কোরআনের হাফেজ দুই শিশু

চাঁদপুর : পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করা একজন শিক্ষার্থীর জন্য দীর্ঘ অধ্যবসায়, ধৈর্য ও সাধনার বিষয়। সেই কঠিন সাধনায় অসাধারণ সাফল্য দেখিয়েছে চাঁদপুরের দুই শিশু শিক্ষার্থী। মাত্র ৯ মাস ১০ দিন এবং ১৪ মাসের সাধনায় পবিত্র কোরআনের সম্পূর্ণ ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে তারা। একই মাদরাসার হিফজ বিভাগের এই দুই শিক্ষার্থীর সাফল্যে আনন্দিত পরিবার, শিক্ষক ও মাদরাসা সংশ্লিষ্টরা।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. মোবারক করিম পাটোয়ারী।

কৃতি দুই শিক্ষার্থী হলো মোহাম্মদ হোসাইন আহমদ (১০) ও মোহাম্মদ ইকরাম প্রধানীয়া (১১)। তারা চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী।

তাদের মধ্যে মোহাম্মদ হোসাইন আহমদ মাত্র ৯ মাস ১০ দিনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে অনন্য কৃতিত্ব অর্জন করেছে। অন্যদিকে মোহাম্মদ ইকরাম প্রধানীয়া ১৪ মাসের মধ্যে সম্পূর্ণ কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে।

মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. মোবারক করিম পাটোয়ারীর সার্বিক তত্ত্বাবধানে ও নিবিড় পরিচর্যায় তারা এ সাফল্য অর্জন করে।

মাদরাসার পরিচালক মাওলানা আল আমিন জানান, কোমলমতি শিক্ষার্থীদের কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতে এ প্রতিষ্ঠানে সঠিক পরিচর্যা, স্নেহ-মমতা ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করা হয়। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি ইলম, আমল ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শুধু কোরআন হিফজ করানোই নয়, আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের দেশ ও সমাজের জন্য যোগ্য, দক্ষ এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা রয়েছে প্রতিষ্ঠানের।

তিনি আরও বলেন, ওলামায়ে কেরাম, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও এ ধরনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম