একজন মানুষের জন্য হলেও প্রতিদিন কাজ করতে চাই: মোশাররফ হোসাইন

চাঁদপুর: চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেছেন, প্রতিদিন যেন অন্তত একজন চাঁদপুরবাসীর জন্য হলেও কাজ করতে পারেন, মহান আল্লাহর কাছে সেই তৌফিক চান তিনি। চাঁদপুরবাসীর পাশে থেকে তাদের দোয়া ও ভালোবাসা অর্জন করাকে জীবনের অন্যতম দায়িত্ব মনে করেন বলেও জানান তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে শহরের বাবুরহাট এলাকার রহমানিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়কালে এসব কথা বলেন মোশাররফ হোসাইন।

তিনি বলেন, মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়া আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত। অর্থ-বিত্ত কিংবা পদ-পদবির চেয়ে মানুষের ভালোবাসা ও দোয়া একজন মানুষের জীবনের বড় অর্জন। তাই নিজের সামর্থ্য অনুযায়ী সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি।

মোশাররফ হোসাইন বলেন, চাঁদপুরের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। এ জেলার মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও নানা সমস্যার সঙ্গে নিজেকে সম্পৃক্ত মনে করি। মানুষের প্রয়োজনের সময়ে সামর্থ্য অনুযায়ী পাশে থাকা এবং সমাজের কল্যাণে ভূমিকা রাখাই এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ, এই মসজিদের উন্নয়নেও নিজের প্রতিষ্ঠানের মতো পাশে থাকার চেষ্টা করব।

মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি এলাকার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং স্থানীয় মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি মাদ্রাসা ও মসজিদের বিভিন্ন বিষয় নিয়েও খোঁজ নেন তিনি।

তিনি আরও বলেন, চাঁদপুরকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মানবিক শহর হিসেবে গড়ে তুলতে হলে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মানুষের মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় উজানী মাদ্রাসার মোহতামিম পীর সাহেব মাওলানা মাহাবুব এলাহী, মসজিদের খতিব, স্থানীয় মুসল্লি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

আশিক বিন রহিম | ফোকাস মোহনা.কম