চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জে সেচ পাম্পের বিদ্যুতের তার মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিজাম উদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের গাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিজাম উদ্দিন ওই গ্রামের কাজি বাড়ির লতিফ খানের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
স্থানীয়রা জানান, রোববার বেলা আড়াইটার দিকে নিজাম উদ্দিন তাঁর সেচ পাম্পের মোটরের বিদ্যুতের তার মেরামত করতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে তিনি চিৎকার করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে বিদ্যুতের তারে স্পৃষ্ট অবস্থায় দেখতে পান। পরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষকের মৃত্যুর খবর পেয়েছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিদ্যুতের এ ধরনের কাজ আরও সতর্কতার সঙ্গে করা প্রয়োজন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়েছে।
ফম/এমএমএ/



