
চাঁদপুর : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, এখন প্রযুক্তি এবং ডিভাইসে আসক্ত হয়ে যাচ্ছে অনেকে। ডিভাইসে আমরা অনেক বেশী সময় কাটাচ্ছি। প্রযুক্তিও আমাদের জীবনে লাগবে। কারণ এখন বিশ^ চলছে বিজ্ঞান আর প্রযুক্তিতে। প্রযুক্তিতে আমরা দক্ষ হব। প্রযুক্তিকে আমরা বশ করব। প্রযুক্তির বশ আমরা হব না। কাজেই প্রযুক্তিতে আসক্ত নয়, প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের জীবন মান উন্নতি করব। আমরা নতুন নুতন উদ্ভাবন করব। আমরা এগিয়ে যাব এবং দেশটাকে এগিয়ে নিব। এই জন্যে খেলা-ধুলা হচ্ছে একটি সর্বোৎকৃষ্ট উপায়।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, আমাদের দরকার বিজ্ঞান মনস্ক চিন্তায়-চেতনায় আধুনিক, প্রগতিশীল, মানবিক, অসম্প্রদায়িক, সুস্থ, সবল, কর্মঠ প্রজন্ম। এটি গড়বার জন্য যেমন পড়া-লেখায় মনোনিবেশ করতে হবে, উদ্ভাবনী কাজে অংশ নিতে হবে। একই সাথে প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠতে হবে। ঠিক তেমনি তাদেরকে খেলা-ধুলা করে সুস্থ্য, সবল ও কর্মঠ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
মন্ত্রী বলেন, আমরা কিছুদিন আগে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের খেলা দেখেছি। তারই ধারাবাহিকতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনুর্ধ্ব-১৭ খেলা শুরু হচ্ছে। হয়তো এখান থেকেই অনেকে জাতীয় পর্যায়ে খেলবে। ছেলে-মেয়েদের মধ্যে চাঁদপুরের অনেক খেলোয়াড় জাতীয় দলে খেলছে। জাতীয় অনুর্ধ্ব-১৯ এ গোলকিপার জুঁই সে আমাদের চাঁদপুরের মেয়ে। আজকে এই টুর্নামেন্টে যারা খেলবে তাদের অনেকেই ইনশাআল্লাহ জাতীয় দলে খেলার সুযোগ হবে।
দীপু মনি বলেন, আমরা সকলে মিলে এই খেলোয়াড়দেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা দিব। আমি তাদের শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কারণ তাদের সহযোগিতা ছাড়া আমাদের এই খেলোয়াড়রা আজকের এই অবস্থানে আসতে পারতো না। একইসাথে সকল উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই, তাদের সক্রিয় সহযোগিতা এর মধ্যে রয়েছে।
মন্ত্রী বলেন, যাদের নামে এই ফুটবল টুর্নামেন্ট তাদের সম্পর্কেও শিক্ষার্থীদেরকে জানতে হবে। যেমন বঙ্গবন্ধু নিজে একজন দক্ষ ফুটবলার ছিলেন। তিনি বিভিন্ন লীগ ও টুর্নামেন্টে খেলেছেন। তিনি একজন ভালো হকি খেলোয়াড়ও ছিলেন। আমরা জানি তার পুত্র শেখ কামাল একজন ভাল ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ছিলেন। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন দেশ দিয়েছেন সারা জীবনের সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে। আজকে তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ পাচ্ছি।
দীপু মনি বলেন, আমরা আগামীতে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। আজকের এই প্রজন্ম আধুনিক ও স্মার্ট বাংলাদেশে বসবাস করবে। উপস্থিত তোমরাই কিন্তু সেই স্মার্ট বাংলাদেশ গড়বার কারিগর। তোমাদের মাধ্যমে সেই বাংলাদেশ গড়ে উঠবে। কাজেই তোমাদেরকে সেই দিকে মনোনিবেশ করতে হবে। তোমরা যেমন বঙ্গবন্ধুকে জানবে, তেমনি বঙ্গমাতাকেও জানতে হবে। তার ত্যাগ ও সংগ্রামের কথা জানতে হবে।
মন্ত্রী বলেন, কি করে একটি দেশ স্বাধীন হয় এবং কত মানুষের ত্যাগের প্রয়োজন হয়। আমরা হুট করে একটা দেশ পেয়ে যাইনি। কাজেই আমাদের সেই কষ্টার্জিত স্বাধীনতাকে সমুন্বত ও মর্যাদা রাখতে আমাদেরকে যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। যার নামে বঙ্গমাতা ফুটবল। সেই মহিয়সী নারী, তিনি বঙ্গবন্ধুর ছাত্র নেতা, যুব নেতা, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু এবং জাতির পিতা হওয়া এই পুরো পথ পরিক্রমায় একজন ফজিলাতুন্নেছা মুজিব প্রতিটি মুহুর্তে তার পাশে ছিলেন। তাকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার মো. তারিকুল ইসলামসহ ৮ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক এম.আর ইসলাম বাবু।
উদ্বোধনী খেলায় অংশ নেয় মতলব উত্তর উপজেলা ও হাইমচর উপজেলা বালক বালিকা দল। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় মাঠ অনেকটাই বৃষ্টি ভেজা ছিল। দুটি ম্যাচে খেলোয়াড়রা তাদের স্বাভাবিক ক্রীড়া নৈপুণ্য দেখাতে পারেনি। সময় কমিয়ে বালক বালিকা দুটি ম্যাচেই পরপর অনুষ্ঠিত হয়।
বঙ্গমাতা বালিকা ফুটবলে জয় পায় মতলব উত্তর উপজেলার মেয়েরা।অপরদিকে বঙ্গবন্ধু বালক ফুটবলে জয়ী হয় হাইমচর উপজেলা। বঙ্গমাতা বালিকা ফুটবলে মতলব উত্তর উপজেলা ও হাইমচর উপজেলা দলের খেলায় নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করে। ১-১ গোলের সমতায় পরে তাদের মধ্যকার ট্রাইবেকার হয়। ট্রাইবেকারে মতলব উত্তর উপজেলার মেয়েরা ২-১ গোলে হাইমচর উপজেলা মেয়েদের পরাজিত করে।
বঙ্গবন্ধু বালক খেলাতেও হাইমচর উপজেলা এবং মতলব উত্তর উপজেলা দল গোল পায়নি। তাদের মধ্যকার ট্রাইবেকার হলে ৪-৩ গোলে জয় পায় হাইমচর উপজেলা। এই জয়ের ফলে বিজয়ী দুটি দল দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছে।
আজকের খেলা: ৭ অক্টোবর, ২০২৩ খ্রিঃ
বঙ্গমাতা বালিকা অনূর্ধ্ব ১৭ চাঁদপুর সদর উপজেলা বনাম চাঁদপুর পৌরসভা। সকাল ৯ঃ৩০।
কচুয়া উপজেলা বনাম ফরিদগঞ্জ উপজেলা দুপুর ২ঃ৩০ টা।
বঙ্গবন্ধু বালক অনুর্ধ ১৭ চাঁদপুর সদর বনাম চাঁদপুর পৌরসভা সকাল ১১টা,কচুয়া বনাম ফরিদগঞ্জ বিকাল ৪টা।
স্থানঃ চাঁদপুর স্টেডিয়াম।
ফম/এমএমএ/



