আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরন কর্মশালা

ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে

চাঁদপুর :  কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রসার ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় “আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে ) উপজেলার পিতামবর্দ্দী বাজারে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এতে কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়ো পেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিশেষজ্ঞরা জানান, বায়ো পেস্টিসাইড ব্যবহারের ফলে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান বৃদ্ধি পায় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। এতে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার কাজী আনোয়ারুল হক ও মো. সোলাইমান খান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান খান, চাঁদপুর টেরিটোরি সেলস অফিসার মো. আলমগীর হুসাইন, পিডিএস অফিসার বাসুদেব মন্ডল এবং মতলব দক্ষিণ উপজেলার ডিলার মো. লাল মিয়া তালুকদার (মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ)।

দিনব্যাপী এই কর্মশালায় মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৪৭ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীদের মাঝে আমন মৌসুমের হাইব্রিড ধান বীজ (ব্র্যাক ধান-১০) বিতরণ করা হয়।

অংশগ্রহণকারীরা বায়ো পেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও আগ্রহী হবেন এবং ইউনিয়ন পর্যায়ে এর ইতিবাচক প্রভাব ছড়িয়ে পড়বে। পাশাপাশি আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে অধিক ফলন নিশ্চিত করে নিরাপদ খাদ্য উৎপাদনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম