চান্দ্রা শিক্ষিত বেকার যুব সমবায় সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর)  বিকেলে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির, এনডিসি।

এ সময় তিনি সমিতির সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন এবং আনুষ্ঠানিকভাবে দুটি ফলজ গাছের চারা রোপণ করেন।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের যুগ্ম-নিবন্ধক মো. কামরুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় যুগ্ম-নিবন্ধক মো. দুলাল মিয়া এবং চাঁদপুর জেলা সমবায় কর্মকর্তা মো. শাহাবুদ্দিন। এ ছাড়া চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জসিম উদ্দিন শেখ, সহ-সভাপতি সেলিম আহমেদ, দেবব্রত সরকারসহ সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সমিতির চান্দ্রা কার্যালয়ের মিলনায়তনে ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন নিবন্ধক ও মহাপরিচালক মো. সেলিম ফকির। এ সময় তিনি সমবায়ীদের উন্নয়ন, সমবায় কার্যক্রমের সম্প্রসারণ এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন শেখ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চান্দ্রা শিক্ষিত বেকার যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে চাঁদপুর জেলায় দুই হাজার ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হবে।

তিনি আরও জানান, বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক নির্দেশনার আলোকে দেশব্যাপী সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম