চাঁদপুর: চাঁদপুরে থেকে অনলাইনে ইলিশ বিক্রি নামে প্রতারণা রোধে নিতে হবে জেলা প্রশাসনের নিবন্ধন।
এ বিষয়ে সোমবার (১৬ জুন) বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁদপুর জেলা সুস্বাদু ইলিশ মাছের জন্য বিখ্যাত। ইলিশের সেই স্বাদ অক্ষুন্ন রাখা, ইলিশের মূল্য নিয়ন্ত্রণসহ জেলার মান সমুন্নত রাখার বিষয়ে জেলা প্রশাসন বিভিন্নভাবে প্রতিনিয়ত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। চাঁদপুর জেলার ইলিশের নাম করে বিভিন্ন অসাধু ব্যবসায়ী ভুয়া ফেসবুক পেইজ খুলে প্রতিনিয়ত দেশবাসীকে প্রতারণা করে যাচ্ছে।
জেলা প্রশাসন, চাঁদপুর এ ধরনের প্রতারণারোধকল্পে ইলিশ মাছ অনলাইন ব্যবসায়ীদের তালিকা তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। ইলিশের অনলাইন ব্যবসার জন্য আগ্রহী প্রার্থীগণকে জেলা প্রশাসকের কার্যালয় হতে যোগ্যতা সাপেক্ষে নির্ধারিত ফরম (পরিশিষ্ট-ক) এ আবেদনকরত: পরিশিষ্ট-খ তে বর্ণিত কাগজপত্রাদী দাখিল করার মাধ্যমে অনলাইন নিবন্ধন গ্রহণের অনুরোধ করা যাচ্ছে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগ নিয়মিতই আসছে। এতে সাধারণ মানুষ, প্রবাসী, এমনকি প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাও বাদ যায়নি। তাই প্রতারণা ঠেকাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। আশা করছি এর সুফল সারাদেশের মানুষ পাবে।
ফম/এমএমএ/



