চাঁদপুর : চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২৪ জেলেকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি মা ইলিশ ও ছয়টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ও স্থানীয় কোস্টগার্ড। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। তিনি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করেন।
অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় ২৮ জেলেকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের মধ্যে ২৪ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা এক লাখ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ছয়টি নৌকা কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে এবং ১৫ কেজি মা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
ইউএনও নজরুল ইসলাম বলেন, ইলিশকে মেঘনা নদীতে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ করে দিতে অভিযান অব্যাহত থাকবে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভয়াশ্রম এলাকায় উপজেলা টাস্কফোর্সের কঠোর নজরদারি থাকবে।


