মতলব উত্তরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা

মতলব উত্তর (চাঁদপুর): ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি, এই স্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলার শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয় মাঠে র্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। উপসহকারী প্রকৌশলী মোঃ সালাউদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, শিকারীকান্দি আকবরীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, মতলব উত্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মোঃ ইকবাল হোসেন প্রমুখ।

এসময় ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, দুর্যোগ দুই ধরনের। একটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আরেকটি হল মানুষ্য সৃষ্ট দুর্যোগ। এই দুইধরনের দুর্যোগ থেকে আমাদের সুরক্ষিত থাকতে হলে প্রথমেই সচেতন হতে হবে। এবং কিভাবে দুর্যোগ প্রতিরোধ করা যায় সে বিষয়ে জানা থাকতে হবে। সেই লক্ষ্যেই জাতিসংঘ কর্তৃক এই দুর্যোগ প্রশমন দিবস ঘোষনা করা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ঘর থেকে আগে দুর্যোগ প্রতিরোধ জানতে হবে। গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্ক থাকতে হবে এবং বিদ্যুৎ ব্যবহারেও সতর্ক থাকতে হবে। তাহলেই আমরা নিজেরা সুরক্ষিত থাকতে পারব এবং অন্যকে রাখতে পারব।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম