কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্ব পেলেন ফরিদগঞ্জের তারেকুর রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিদর্শনের দায়িত্ব পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জের কৃতিসন্তান তারেকুর রহমান। ২১ নভেম্বর ২০২৬ তারিখে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ঘোষিত বিভিন্ন জেলা ও মহানগরের সাংগঠনিক কার্যক্রম পরিদর্শনের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দায়িত্ব বণ্টন করা হয়। এরই অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের তালিকার ক্রমিক ২-এ সহ-প্রচার সম্পাদক হিসেবে তারেকুর রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। একই ইউনিটে সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মামুন হোসেন ভূঁইয়া।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় এ বিজ্ঞপ্তি জারি করা হয়। বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

এদিকে ফরিদগঞ্জের কৃতিসন্তান তারেকুর রহমান কুমিল্লা দক্ষিণ জেলায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম পরিদর্শনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। দলীয় কর্মীরা আশা প্রকাশ করেছেন, তার সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম