চাঁদপুর : চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি ফ্ল্যাট থেকে লুৎফুর নাহার (৬২) নামে এক নারীর হাত-পা বাঁধা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে সদর মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত লুৎফুর নাহার চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ঢালিরঘাট এলাকার নাজির খান বাড়ির মৃত জয়নাল আবেদীন খানের স্ত্রী। তিনি এক ছেলে ও ৫ কন্যা সন্তানের জনক। ছেলে জাপান প্রবাসী। মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন। চলতি মাসের ১ নভেম্বর তিনি নাজিরা কমপ্লেক্সের ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে একাই বসবাস শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার পর থেকে পরিবারের সদস্যরা একাধিকবার ফোন করেও লুৎফুর নাহারের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। পরে তাঁর নাতি বাঁধন বাড়ির নিরাপত্তাকর্মী দেলোয়ার হোসেন গাজীকে ফোন করে নানির খোঁজ নিতে বলেন। খবর পেয়ে দেলোয়ার বাসায় গিয়ে ফ্ল্যাটের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজায় ধাক্কা দিলে সেটি খুলে যায়। ভেতরে প্রবেশ করে প্রথম কক্ষে তাঁকে না পেয়ে অন্য কক্ষে গিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
নিরাপত্তাকর্মী দেলোয়ার হোসেন গাজী জানান, ঘটনার সময় তিনি বায়তুল আমিন মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়েছিলেন। নাতির ফোন পেয়ে দ্রুত বাসায় ফিরে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি ভবনমালিককে জানান।
ভবনমালিক আসিফ খান জানান, রাত পৌনে ৯টার দিকে নিরাপত্তাকর্মী তাঁকে ফোনে বাসায় হত্যাকাণ্ডের খবর দেন। তিনি তখন নতুন বাজার এলাকায় ছিলেন। খবর পেয়ে দ্রুত বাসায় গিয়ে ওই নারীকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানান।
নিহতের নাতি বাঁধন শহরের আল-আমিন একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী। সে জানায়, কয়েক দিন আগে তার নানি একটি স্টিলের আলমারি কিনেছিলেন। ওই দোকান থেকে ফোন করে জানানো হয়েছিল, আলমারির কিছু কাজ বাকি রয়েছে, তা ঠিক করে দিতে লোক পাঠানো হবে। এ জন্য বাসার দরজা খোলা রাখতে বলা হয়েছিল। তবে পরে দোকানের মালিকের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারে, দোকান থেকে এমন কোনো ফোন করা হয়নি।
নিহতের চতুর্থ মেয়ে নাহিদা খান জানান, তাঁরা গ্রামের বাড়িতে থাকলেও মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। সন্ধ্যার পর থেকে একাধিকবার ফোন করেও মাকে না পেয়ে তিনি বাড়ির নিরাপত্তাকর্মীকে ফোন করে খোঁজ নিতে বলেন। নিরাপত্তাকর্মী ফোনে কথা বলতে বলতেই ফ্ল্যাটে গিয়ে দরজা খুলে ভেতরে মায়ের মরদেহ দেখতে পান।
নিহতের দেবর বেলাল খান ক্ষোভ প্রকাশ করে বলেন, সাততলা ভবনটিতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ফলে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া কঠিন হতে পারে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবীর, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ফম/এমএমএ/


