তেল কম দেওয়া ও লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি, চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর:  জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া এবং লাইসেন্স ছাড়া এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে চাঁদপুরে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে চাঁদপুরের দেবপুর বাজার, কৈয়ারপুল ও ধেররা-বলাখাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে এইচ.বি. সিএনজি এন্ড ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা এবং লাইসেন্স ছাড়া এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির অপরাধে সিদরাত ফুয়েল স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম