চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তা এলাকা থেকে মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে ভুট্টু গাজী (৫০) ও সুজন শেখ (৪৯) নামের ওই দুই নেতাকে আটক করা হয়।
আটক ভুট্টু গাজী চান্দ্রা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সুজন শেখ একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, মাদকের সঙ্গে সম্পৃক্ততা, মাদক ব্যবসায়ীদের সহযোগিতা ও মাদক সেবনের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে সদর মডেল থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরীক্ষার প্রতিবেদনে মাদক সেবনের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং আদালতে পাঠানো হয়েছে।
আটক ভুট্টু গাজী চান্দ্রা চৌরাস্তা এলাকার মজিব গাজীর ছেলে। সুজন শেখ ৮ নম্বর ওয়ার্ড চেয়ারম্যান রোড এলাকার মৃত মহিন শেখের ছেলে।
মাদক প্রসঙ্গে চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, দলের কোনো নেতাকর্মীর মাদকের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফম/এমএমএ/



