‘মাদকের বিষয়ে পুলিশের জিরো টলারেন্স, কাউকে ছাড় নয়’: ওসি ফয়েজ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বলেন, ‘মাদকের বিষয়ে পুলিশের জিরো টলারেন্স। মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।’ মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি প্রতিটি পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ওসি ফয়েজ আহমেদ বলেন, পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য যার যার অবস্থান থেকে সবাইকে পুলিশকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, বাগাদী ইউনিয়নের কোনো বিএনপি নেতা এখন পর্যন্ত তাঁর কাছে কোনো মাদক ব্যবসায়ীকে ছাড়ানোর জন্য তদবির করেননি।

তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, এই ইউনিয়ন থেকে মাদক নির্মূলে সবাইকে পুলিশকে সহযোগিতা করতে হবে। মানুষ অপরাধ করলে পুলিশ তাকে আটক করতে পারে; কিন্তু কাউকে জেল বা সাজা দেওয়ার কাজ পুলিশের নয়।

ওসি বলেন, অনেক সময় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারে না, কিছুটা দেরি হয়। এ সময় স্থানীয়রা অপরাধীকে আটকে রাখার পাশাপাশি প্রয়োজনে ঘটনার ভিডিও করে রাখতে পারেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপরাধীকে আটক করে থানায় নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, প্রতি ছয় হাজার মানুষের জন্য একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। ফলে পুলিশের জনবল সংকট রয়েছে। এ অবস্থায় স্থানীয়দের সহযোগিতা ছাড়া মাদক, ইভটিজিংসহ সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন।

বিট পুলিশিং ও চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক পীরজাদা মো. বরকত উল্লাহ খানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলমগীর আলম জুয়েল, চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদৌস নুর, জেলা যুবদলের সহসভাপতি সরোয়ার গাজী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মনির হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জুনায়েদ উল্লাহ খান, বাগাদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ হোসেন গাজী, ইউপি সদস্য গিয়াস উদ্দিন পাটোয়ারী, বাগাদী ইউনিয়ন দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহফুজ উল্লাহ খান, মুফতি শাহজাহান এবং পশ্চিম সকদি ডিবি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম মিয়াজী।

আলোচনা সভা শেষে মাদকবিরোধী একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম