‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার-আমরা সবাই বাংলাদেশি’: মানিক এমপি

চাঁদপুর: চাঁদপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ও জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমাদের মধ্যে কোনো সংখ্যালঘু ও সংখ্যাগুরু নেই। আমরা সবাই বাংলাদেশি। এ কথাটি আমাদের সকলের মাথায় রাখতে হবে।’

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আগামী দিনগুলোতেও এ বছরের মতো শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমীর অনুষ্ঠান করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যার যার ধর্মীয় অনুষ্ঠান সবাই শান্তিপূর্ণভাবে পালন করবেন।

তিনি বলেন, সারা দেশে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে। জন্মাষ্টমীর শোভাযাত্রায় যেভাবে সবাই অংশগ্রহণ করেছেন, একইভাবে অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানেও সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবেন বলে তিনি আশা করেন।

শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। ধর্মীয় নানা স্লোগান ও বাদ্যযন্ত্রের তালে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক গোপার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষ এবং জেলা ইসকনের সভাপতি জগদানন্দ দাস পণ্ডিত ব্রহ্মচারীসহ আরও অনেকে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম