শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে মতলবে ৮৩২ জোড়া বুট বিতরণ

চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে প্রাইমিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে উপজেলার ৪৩টি শিৃক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থীর প্রত্যেককে এক জোড়া করে ফুটবল খেলার বুট দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম. ইশমাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ও উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরন।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদ হোসেন খান, সদস্য মো. ফয়সাল খন্দকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণ, আত্মবিশ্বাস এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে।

প্রাইমিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৩২ শিক্ষার্থীর মধ্যে ৮৩২ জোড়া ফুটবল খেলার বুট বিতরণ করা হয়। নতুন বুট পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম