চাঁদপুর: চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন ভূঁইয়া রেদওয়ানুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি বিদায়ী নির্বাহী প্রকৌশলী মো. ইউনুস আলীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
ভূঁইয়া রেদওয়ানুর রহমান এর আগে সড়ক ভবনে নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে সড়ক বিভাগে যোগদানের পর ২০১৪ সাল পর্যন্ত তিনি সড়ক ভবনে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নরসিংদীর শিবপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, ঢাকা কল্যাণপুর সড়ক উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, শরীয়তপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং সড়ক ভবনের প্রধান কার্যালয়ের এইচডিএম অপারেশন বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব পালনকালে তিনি সড়ক ও সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে চাঁদপুরের সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
দায়িত্ব গ্রহণের পর নবাগত নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান বলেন, “চাঁদপুর জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চলমান প্রকল্পগুলোর যথাসময়ে বাস্তবায়ন এবং সড়ক ও সেতুর গুণগত মান নিশ্চিত করাই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা হবে। চাঁদপুরের সড়ক, সেতু ও অবকাঠামো উন্নয়নে চলমান প্রকল্পগুলো আরও গতিশীল ও মানসম্মতভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
নবাগত নির্বাহী প্রকৌশলী বলেন, “উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে শুধু কাজ শেষ করাই নয়, কাজের স্থায়িত্ব ও গুণগত মান নিশ্চিত করাও জরুরি। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।”
তিনি বলেন, চাঁদপুর জেলার সার্বিক সড়ক অবকাঠামো উন্নয়নে সড়ক বিভাগের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। নিয়মিত তদারকি, সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ এগিয়ে নেওয়া হবে।
দায়িত্ব গ্রহণের পর তিনি চাঁদপুরের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি সড়ক রক্ষণাবেক্ষণ, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা এবং জনসাধারণের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ফম/এমএমএ/




