চাঁদপুরে ৯২ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নেই, কাগজে শুধু নিয়োগ!

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর : চাঁদপুর জেলার ৯২ ইউনিয়ন স্বাস্থ্য ও উপ-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক পদে নিয়োগ থাকলেও নিয়মিত সেবা দিচ্ছেন না একজনও এমবিবিএস চিকিৎসক। নিয়োগ পাওয়া চিকিৎসকদের সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংযুক্তিতে দায়িত্ব পালন করানো হচ্ছে। ফলে কাগজে চিকিৎসক থাকলেও বাস্তবে ইউনিয়ন পর্যায়ের এসব স্বাস্থ্যকেন্দ্র অনেকটাই চিকিৎসকশূন্য।

চিকিৎসকের পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যকর্মীর ঘাটতি এবং ওষুধ সংকটে প্রাথমিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত এলাকার মানুষ।

চাঁদপুরে ইউনিয়ন পর্যায়ে ২০টি উপ-স্বাস্থ্যকেন্দ্র ও ৭২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ মোট ৯২টি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে সাধারণ রোগের চিকিৎসা, মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনাসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার কথা। কিন্তু চিকিৎসকদের সংযুক্তি ও দীর্ঘদিনের জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা ব্যাহত হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ৫৩টি পদের বিপরীতে কর্মরত মাত্র ১৪ জন; শূন্য ৩৯টি। পরিবার কল্যাণ পরিদর্শিকার ১৪২টি পদের মধ্যে কর্মরত ৫৯ জন, শূন্য ৮৩টি। পরিবার পরিকল্পনা পরিদর্শকের ৯১টি পদের বিপরীতে শূন্য ৯টি এবং পরিবার কল্যাণ সহকারীর ৫১৩টি পদের মধ্যে কর্মরত ৩৩৭ জন; শূন্য ১৭৬টি পদ।

এদিকে প্রয়োজনীয় ওষুধেরও অপ্রতুলতা রয়েছে। ফলে জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া বা সাধারণ সংক্রমণের মতো রোগের চিকিৎসার জন্যও অনেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা সদরে যেতে হচ্ছে। এতে বাড়ছে দরিদ্র মানুষের সময় ও চিকিৎসা ব্যয়।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন বলেন, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নিয়োগ পাওয়া চিকিৎসকদের সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংযুক্তিতে রাখা হয়েছে। সদর ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ হলে তাদের নিজ নিজ কর্মস্থলে ফেরানোর সুযোগ তৈরি হবে।

চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মোস্তফা কামাল বলেন, শূন্য পদ পূরণে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি কিছুটা ওষুধ সংকট রয়েছে; আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা রয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম