চাঁদপুর : চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীনকে বদলির নির্দেশ দিয়ে মাত্র দুই ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করা হয়েছে। তিনদিন পূর্বে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন ও ডেঙ্গু রোগীদের জন্য ইনজেকশন মজুদ শেষ হয়েছে। তাৎক্ষনিক কেন এই বিষয়ে ব্যবস্থা নেয়া হয়নি, এসব বিষয়গুলো ভুল হয়েছে মর্মে সিভিল সার্জন মন্ত্রীরকাছে ক্ষমা চাইলে তা প্রত্যাহার করা হয়।
রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম দেখেন ও ভ্যাকসিন মজুদ পাননি। তখন তিনি মুঠোফোনে মন্ত্রণালয়ের কর্মকর্তাকে দায়িত্ব অবহেলার কারণে সিভিল সার্জনকে বদলির নির্দেশ দেন।
এরপর দুপুর দেড়টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সভা কক্ষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সিভিল সার্জন এসব ভুলের কারণে ক্ষমা চাইলে বদলি প্রত্যাহার করে প্রথম বারের মত ক্ষমা করেন।
বিকেলে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন ক্ষমা চাওয়া এবং তার বদলি প্রত্যাহারের এসব তথ্য নিশ্চিত করেন।
এই দিন সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আকস্মিক সফরে চাঁদপুরে আসেন। সকাল ১০টায় তিনি জেলার হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশন করেন এবং রোগীদের সাথে কথা বলেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
দুপুর ১২টায় মন্ত্রী চলে আসনে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। এই হাসপাতালের রোগীদের খাবার মন্ত্রী নিজে খেয়ে মান যাচাই করেন ও স্বাস্বসেবা ব্যবস্থা পরিদর্শন করেন এবং সাংবাদিকদের সাথে কথা বলেন।
এরপর বিকাল ৩টায় মন্ত্রী জেলার মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তিনি দায়িত্বরত কর্মকর্তা ও চিকিৎসকদের সাথে কথা বলেন। এই হাসপাতালের সমস্যাগুলো অবগত হন এবং পরবর্তী নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।
মন্ত্রীর এসব পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



