চাঁদপুর: বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট হয়েছেন সংগঠনটির চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম শাহীন।
রোববার (৩০ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সম্প্রসারিত করার লক্ষ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ষষ্ঠ সভার সিদ্ধান্ত অনুযায়ী জি এম শাহীনকে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে কো-অপ্ট করা হয়েছে।
জি এম শাহীন বর্তমানে বিপিএইচসিডিএর চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি চাঁদপুরের মেরিন হাসপাতাল অ্যান্ড কনসালটেশন সেন্টার ও মেরিন ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান এবং চাঁদপুর সেন্ট্রাল হাসপাতাল (প্রা.)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতার সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন জি এম শাহীন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক মেঘনা বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক। এছাড়া তিনি চাঁদপুর জেলা ডায়াবেটিস সমিতির আজীবন সদস্য।
সাংবাদিক সংগঠনের নেতৃত্বেও রয়েছে তাঁর অভিজ্ঞতা। তিনি চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিপিএইচসিডিএর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে সদস্য হিসেবে কো-অপ্ট হওয়ায় জি এম শাহীনকে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তাঁরা আশা প্রকাশ করেন, জি এম শাহীনের সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক খাতের উন্নয়ন এবং বিপিএইচসিডিএর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
ফম/এমএমএ/



